স্টাফ রিপোর্টার ::
শান্তিগঞ্জে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাসের কাগজপত্র যাচাই করে ১৭টি বাসকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা টাস্কফোর্স। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্ট এলাকায় উপজেলা প্রশাসন, শান্তিগঞ্জ থানা, জয়কলস হাইওয়ে থানা ও সুনামগঞ্জ বিআরটিএ কার্যালয়ের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
অভিযানকালে মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাসগুলোর ফিটনেস, নিবন্ধন, ট্যাক্স, রোড পারমিট ও চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় বিভিন্ন কাগজপত্রে ত্রুটি পাওয়ায় ১৭টি বাসের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় ১৭টি মামলা করা হয়। এসব মামলায় মোট ৩২ হাজার টাকা অর্থদ- আদায় করা হয়। পাশাপাশি ত্রুটিপূর্ণ কাগজপত্র দ্রুত সংশোধন ও হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট বাস মালিক ও চালকদের নির্দেশ দেওয়া হয়।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, গত আগস্ট মাস থেকে শান্তিগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। জেলা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুল মোতালেব, সুনামগঞ্জ বিআরটিএর মোটরযান পরিদর্শক মোহাম্মদ হাসিব ইসলাম হিমেল এবং শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের নাজির আবু বকরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।