স্টাফ রিপোর্টার ::
নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে সুনামগঞ্জে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, কণ্ঠশিল্পী শামীম সরোয়ার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া জরুরি। নজরুলের সৃষ্টিকর্মের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটাতে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম শুধু বিনোদনের বিষয় নয়; তাঁর লেখনীতে সাম্য, মানবতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং অসাম্প্রদায়িক সমাজ গঠনের বার্তা রয়েছে। এসব মূল্যবোধ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে নিয়মিত সাংস্কৃতিক চর্চার প্রয়োজন রয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে, জেলা প্রশাসন সুনামগঞ্জের সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমি, সুনামগঞ্জের ব্যবস্থাপনায় এ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।