তাহিরপুরে হামলায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপলোড সময় : ২১-০৮-২০২৬ ০৪:৫৪:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০৪:৫৪:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের তাহিরপুরে প্রতিপক্ষের দুই দফা হামলায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আদালত ও থানায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, আসামিদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি, নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার বাদাঘাট বাজারের বাদামপট্টিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য দেন রুমা আক্তার। তিনি জানান, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে ১৫ আগস্ট শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের পর উত্তেজনা সৃষ্টি হয়। পরদিন ১৬ আগস্ট রান মিয়া ও আলতাবের নেতৃত্বে ৩০-৪০ জন দেশীয় অস্ত্র নিয়ে আব্দুর নুর ও তাঁর আত্মীয়দের ৮-৯টি বসতবাড়িতে হামলা চালায়। তিনি অভিযোগ করেন, হামলার সময় বাড়ির লোকজন শিশুদের নিয়ে পালিয়ে জীবন রক্ষা করলেও হামলাকারীরা ঘর ভাঙচুর ও লুটপাট করে। এ সময় ধান, গরু, নৌকা, মোটরসাইকেল, স্বর্ণালংকার, নগদ টাকা ও ইলেকট্রনিক সামগ্রী লুট করে নিয়ে যায়। এ ঘটনায় রুমা আক্তার বাদী হয়ে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে ২৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার পর ১৭ আগস্ট আবারও একই পক্ষের লোকজন আব্দুর নুরের আত্মীয়দের বাড়িতে হামলা চালিয়ে দরজা ও আসবাবপত্র ভাঙচুর এবং মালামাল লুট করে বলে অভিযোগ করা হয়। এ সময় প্রায় ৩ ভরি স্বর্ণ, ৬ ভরি রুপা, ৮০ হাজার টাকা, ১০০ মণ ধান, দুটি ফ্রিজ, তিনটি ষাঁড়, চারটি গাভিন গরু, ধান ভাঙানোর মেশিন ও পাওয়ার টিলারসহ বিভিন্ন মালামাল লুটের অভিযোগ করা হয়। বাধা দিতে গেলে তামান্না বেগমকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন রুমা আক্তার। এ ঘটনায় আছমা খাতুন ১৭ আগস্ট তাহিরপুর থানায় ২২ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে অভিযোগ করেন। রুমা আক্তার বলেন, “বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মামলার তদন্ত কর্মকর্তা ও ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিক আহমদ বলেন, “বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।”

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com