তাহিরপুর প্রতিনিধি :: তাহিরপুরে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯, সিপিসি-৩-এর একটি আভিযানিক দল। মঙ্গলবার দুপুরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বালিজুড়ী পূর্বহাটি গ্রামের একটি আধাপাকা বসতঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বালিজুড়ী পূর্বহাটি গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে অলি হোসেন (৩৩) এবং একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে এনামুল (৩৫)। র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বালিজুড়ী পূর্বহাটি এলাকার একটি আধাপাকা বসতঘরে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এর ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে ইয়াবা ট্যাবলেট থাকার কথা স্বীকার করলে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি কালো রঙের বায়ুরোধক পলিথিনের জিপার ব্যাগে রাখা ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন জানিয়েছে, তারা পরস্পর যোগসাজশে জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং জব্দ করা আলামত তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।