স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজবোট থেকে প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য পানিতে ফেলায় এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদ- দেন।
জানা গেছে, উপজেলার মাটিয়ান হাওরে একটি পর্যটকবাহী হাউজবোট থেকে প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের অপচনশীল বর্জ্য সরাসরি পানিতে ফেলার সময় এক ব্যক্তিকে আটক করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদ- করা হয়।
অভিযানকালে হাউজবোটের মালিককে ভবিষ্যতে এ ধরনের কর্মকা- থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। একই সঙ্গে আশপাশে থাকা অন্যান্য হাউজবোট ও নৌযানকেও নির্ধারিত নীতিমালা মেনে চলাচল এবং বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার পরামর্শ দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু বিষয়টি নিশ্চিত করে বলেন, হাওরে আসা প্রতিটি পর্যটকবাহী হাউজবোট ও নৌযানকে জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলতে হবে। এর ব্যত্যয় ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। হাওরের পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।