জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে হালেমা বেগম (২৩) নামের এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রাম গ্রামে।
স্থানীয়রা জানান, চলতি বছরের ১ এপ্রিল হাড়গ্রামের লন্ডন প্রবাসী সুনু মিয়ার সাথে নবীগঞ্জ উপজেলার পেটুয়া গ্রামের হালেমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর সুনু মিয়া লন্ডন ফিরে যান। এদিকে গত শনিবার (১ আগস্ট) দুপুরে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় নববধূ হালেমা বেগম (২৩)-কে দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার এবং ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
জগন্নাথপুর থানার এসআই ওমর ফারুক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।