সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’

আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ১০:৪৩:৩৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ১০:৪৩:৩৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়াতে নতুন দুটি উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, প্রতিটি বিদ্যালয়ে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ চালু করা হবে। এর মাধ্যমে বিদ্যালয়, পরিবার ও স্থানীয় সমাজের মধ্যে সমন্বয় জোরদার হবে এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে। সোমবার সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে আয়োজিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ববি হাজ্জাজ বলেন, শিক্ষার মান উন্নয়ন শুধু সরকারের একার দায়িত্ব নয়। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক, স্থানীয় প্রশাসন এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিদ্যালয়কে একটি কার্যকর সামাজিক প্রতিষ্ঠানে পরিণত করাই সরকারের লক্ষ্য। প্রতিমন্ত্রী জানান, প্রতিটি শ্রেণির শিক্ষককে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে একটি ‘প্যারেন্ট সার্কেল’ গঠন করতে হবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি, লেখাপড়া, শৃঙ্খলা ও সার্বিক অগ্রগতি নিয়ে অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হবে। এতে বিদ্যালয় ও পরিবারের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সরকারি কর্মকর্তা, মসজিদ ও বাজার কমিটির প্রতিনিধি, সমাজসেবী এবং দানশীল ব্যক্তিদের নিয়ে একটি ‘বন্ধু রেজিস্টার’ তৈরি করবেন। এই নেটওয়ার্ক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা, শিক্ষার পরিবেশ এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে সহায়তা করবে। ববি হাজ্জাজ বলেন, যে বিদ্যালয় স্থানীয় জনগণকে স¤পৃক্ত করতে পারবে, সেই বিদ্যালয়ই প্রকৃত অর্থে সফল হবে। স্থানীয় মানুষ বিদ্যালয়ের পাশে থাকলে বিদ্যালয়ের সম্পদ রক্ষা, সেবার মান নিশ্চিত করা এবং অপপ্রচার মোকাবিলা সহজ হবে। প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য দেশের প্রতিটি শিশুর জন্য আধুনিক, মানবিক ও মূল্যবোধভিত্তিক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, শিক্ষা প্রশাসন, অভিভাবক এবং স্থানীয় জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি জানান, সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে শিক্ষকসংকট নিরসন, পিটিআইয়ের অবকাঠামো উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণব্যবস্থা চালু, বিদ্যালয় ফিডিং কর্মসূচির মানোন্নয়ন, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং নতুন শিক্ষক নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম নূরুল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com