স্টাফ রিপোর্টার ::
শাল্লা উপজেলায় ‘১৮১৮ ইস্ট ইন্ডিয়া কো¤পানি’ খোদাই করা একটি লোহার পিলার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। স্থানীয়দের ধারণা, পিলারটি ভারতের দেওয়া সীমানা প্রাচীরের ম্যাগনেট পিলার হতে পারে।
পুলিশ জানায়, ১নং আটগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থিত জনৈক রুপ মিয়া ওরফে রুইক্কার (৫০) এর বাড়ির ভিটার পাশে খালি পতিত জায়গায় কথিত লোকজন একটি সীমান্ত পিলার নামে লোহার বস্তু কেনা বেচা করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যায় পুলিশ। এ সময় লোহার পিলারটি পরিত্যক্ত অবস্থায় জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
তবে ম্যাগনেট এই পিলারটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও রহস্য দেখা দিয়েছে। কেউ বলছেন ম্যাগনেট চুম্বক, কেউ বলছেন ব্রিটিশ সেটেলমেন্টের সীমানা পিলার। কেউ বলছেন এটা ভারতীয় পিলার কোন এক সময় ভারত রাষ্ট্র হয়তো এখানে সীমানা প্রাচীর দিয়েছিল।
স্থানীয়রা জানান, রুপ মিয়া ওরফে রুইক্কা মাদক কারবারের সঙ্গে জড়িত। তিনি মাদকের সাথে এই পিলারটিও বিক্রি করার পাঁয়তারা করছিলেন। খবর পেয়ে একদল যুবক তার বাড়িতে যায়। এ সময় পিলারটি রেখে রুপ মিয়া পালিয়ে যান। পরে পুলিশকে খবর দিলে রোববার সকাল সাড়ে এগারোটার দিকে পুলিশ এসে পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শাল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা মো. শওকত আলী জানান, পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পিলারটিতে খোদাই করা ১৮১৮ ইস্ট ইন্ডিয়া কো¤পানি লেখা রয়েছে। ধারণা করা যাচ্ছে এটা ভারতীয় সীমানা প্রাচীরের পিলার হতে পারে। এ ব্যাপারে জব্দ তালিকা করে আইনী প্রক্রিয়া চলমান আছে।