স্টাফ রিপোর্টার ::
ধর্মপাশা উপজেলার ডুবাইবিল জলমহাল জোরপূর্বক দখল করতে নৌযান ভাঙচুর, মাছ লুট ও বিনামূল্যে অর্ধেক মালিকানা দাবির অভিযোগ ওঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। বার্ষিক ৬২ লাখ টাকা ইজারামূল্য পরিশোধ করে জলমহালটি জেলা প্রশাসন থেকে ইজারা নিয়েছে স্থানীয় জয়ধনা মৎস্যজীবী সমাবায় সমিতি।
শুক্রবাব দুপুরে উকিলপাড়াস্থ সুনামগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সমিতির সদস্য ও সাবেক সভাপতি মালেক সিকদার।
তার অভিযোগ, বিনামূল্যে জলমহালের অর্ধেক মালিকানা দাবি করে গত মঙ্গলবার ডুবাল বিলে উপজেলা বিএনপির স্বাক্ষরক্ষমতাপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলামের নেতৃত্বে মহড়া দেন বিএনপির একদল নেতাকর্মী। এ সময় জলমহাল থেকে দুই লাখ টাকা মূল্যের মাছ লুট, পাহারার কাজে ব্যবহৃত সমিতির নৌকা ভাঙচুর করেন তারা। সেইসাথে বিনামূল্যে জলমহালের অর্ধেক মালিকানা বিএনপি নেতাদের সমঝে দেওয়া জন্য ইজারাদারকে প্রাণনাশের হুমিক দেন। তাদের ভয়ে গ্রাম ছেড়ে এখন শহরে অবস্থান করছেন তিনি।
অভিযোগের ব্যাপারে উপজেলা বিএনপির স্বাক্ষরক্ষমতাপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বলেন, একটি জানাযা থেকে ফেরার পথে আমরা জলমহালটি দেখে এসেছি। সুন্দর প্রাকৃতিক পরিবেশ থাকায় সবাই মিলে ছবি তুলেছি। এখানে জোরপূর্বক জলমহাল দখলের যে অভিযোগ আনা হয়েছে সেটি স¤পূর্ণ মিথ্যা।
এ ব্যাপারে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল্লাহ বলেন, জলমহাল নিয়ে পক্ষে-বিপক্ষের অভিযোগ রয়েছে। এ নিয়ে দুই পক্ষ থানায় বসেছিলেন। চেষ্টা করা হচ্ছে বিষয়টি নিষ্পত্তির। তবে এ নিয়ে আদালতে একটি প্রতিবেদন দাখিল করা হয়েছে। সমাধান না হলে তদন্ত অনুযায়ী আইনানুনগ ব্যবস্থা গ্রহণ করা হবে।