স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা বিষয়ে জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।
সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন। সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (আই অ্যান্ড সিএম) রাখী রাণী দাসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম বলেন, একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় এমন যেকোনো অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে। অপরাধীর কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় নেই, তার একমাত্র পরিচয় সে অপরাধী।
সভাপতির বক্তব্যে সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান বলেন, জনমুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুলিশি সেবা নিশ্চিত করাই পুলিশের অঙ্গীকার। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, শহরে মাদক নিয়ন্ত্রণ এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। অপরাধ দমনে জনগণের সক্রিয় সহযোগিতাও প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতারা জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। এ সময় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুবদলের সাধারণ স¤পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েছ, ছাত্রদলের সভাপতি তারেক মিয়া এবং মহিলা দলের সাধারণ স¤পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন।
বক্তারা সীমান্ত ও স্থানীয় পর্যায়ে মাদকের রুট বন্ধ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং শহরে নিয়মিত নিরাপত্তা টহল বৃদ্ধির দাবি জানান। তারা তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় প্রশাসন ও জনসাধারণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে উপস্থিত দর্শনার্থীদের অংশগ্রহণে আইনশৃঙ্খলা ও জনসচেতনতা বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী পাঁচজনের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা।