হাওরের শিশুদের স্কুলযাত্রায় ভরসার নতুন পাল

মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ

আপলোড সময় : ২১-০৭-২০২৬ ১০:৩২:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৭-২০২৬ ১০:৩২:০৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: হাওরের জীবন মানেই ঋতুর সঙ্গে লড়াই। বর্ষা এলেই সড়ক হারিয়ে যায় পানির নিচে, গ্রাম থেকে বিদ্যালয়ে যাওয়ার পথ হয়ে ওঠে জলপথ। আর সেই জলপথই অনেক কোমলমতি শিশুর জন্য হয়ে ওঠে অনিশ্চয়তা, ঝুঁকি এবং কখনো কখনো শিক্ষাজীবন থেকে পিছিয়ে পড়ার কারণ। এমন বাস্তবতায় মধ্যনগর উপজেলায় শিক্ষার্থীদের জন্য নেওয়া হয়েছে একটি মানবিক ও সময়োপযোগী উদ্যোগ। সোমবার (২১ জুলাই) সকালে সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের ব্যক্তিগত অর্থায়নে মধ্যনগর উপজেলার ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নৌকা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে নৌকার চাবি ও দায়িত্ব হস্তান্তর করা হয়। মধ্যনগর উপজেলার অধিকাংশ এলাকা হাওরবেষ্টিত। বর্ষা মৌসুমে বিস্তীর্ণ জনপদ পানিতে তলিয়ে যাওয়ায় বিদ্যালয়ে পৌঁছানোর একমাত্র মাধ্যম হয়ে ওঠে নৌকা। কিন্তু অনেক পরিবারের নিজস্ব নৌকা না থাকায় কিংবা ঝুঁকিপূর্ণ ছোট নৌকায় চলাচলের কারণে বহু শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে না। এতে উপস্থিতি কমে যায়, পড়াশোনায় ছন্দপতন ঘটে এবং ঝরে পড়ার আশঙ্কাও বাড়ে। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই নৌকা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। এ উদ্যোগের আওতায় খালিশাকান্দা, কামাউড়া, সালিয়ানী, জালালপুর, ইটাউরী, গলইখালী, দুগনই, বলরামপুর, মাছুয়াকান্দা, দৌলতপুর, সাতুর, চাপাইতি, আলমপুর, মোহাম্মদ আলীপুর, বীরসিংহপাড়া এবং আটাইশা মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা দেওয়া হয়েছে। এখন নির্ধারিত নৌকার মাধ্যমে তুলনামূলক নিরাপদ ও নিয়মিতভাবে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে নৌকা হস্তান্তর করেন মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন। সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত ও যুগ্ম আহ্বায়ক আবুল বাশার। এছাড়া সরকারি কর্মকর্তা, শিক্ষক এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন। আবুল বাশার বলেন, হাওরাঞ্চলের অধিকাংশ শিক্ষার্থীর বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক সময় শিশুরা বিদ্যালয়ে যেতে পারে না। এই নৌকা বিতরণের ফলে তাদের যাতায়াত নিরাপদ হবে এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় অভিভাবকদেরও অভিমত, এই উদ্যোগ শিশুদের বিদ্যালয়ে যেতে উৎসাহিত করবে এবং বর্ষা মৌসুমে দুর্ঘটনার ঝুঁকিও কমাবে। তারা ভবিষ্যতে আরও বিদ্যালয়কে এ ধরনের সুবিধার আওতায় আনার দাবি জানান।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com