স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪৮ হাজার ৮৫০ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত নেকবর আলী (৪৮) উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কালা শ্রীপুর (কুড়েরপাড়) গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১৮ জুলাই) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাহিরপুর থানা পুলিশ। অভিযানের সময় নেকবর আলীর কাছ থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৪৮ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-২০, তারিখ ১৮ জুলাই ২০২৬। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।