কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ১০:১৭:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ১০:১৭:১৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা কারাগারে সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। মৃত আক্কাস আলী (৪২) সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের পূর্ব ইব্রাহীমপুর গ্রামের বাসিন্দা এবং মৃত আলী হোসেনের বড় ছেলে। পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে আক্কাস আলীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। শনিবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বিকেলে পূর্ব ইব্রাহীমপুর জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। পরিবারের দাবি, প্রায় তিন বছর আগে সুনামগঞ্জ-ধর্মপাশা নৌপথে চলাচলকারী এমভি রাকিব লঞ্চের মালিক আমিনুর ও ফারুক মিয়ার কাছ থেকে আক্কাস আলী ৫ লাখ টাকা ধার নেন। এর মধ্যে ৬০ হাজার টাকা পরিশোধ করলেও অবশিষ্ট টাকা পরিশোধ করতে না পারায় ফারুক মিয়া ঢাকার একটি আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় সম্প্রতি এক বছরের কারাদন্ড- হলে কোরবানির ঈদের চার দিন আগে তাকে কারাগারে পাঠানো হয়। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আক্কাস আলী স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি কারাগারের একজন কয়েদি হওয়ায় আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে তার মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। এ বিষয়ে সুনামগঞ্জ জেলা কারাগারের সুপার মো. মাইন উদ্দিন ভুঁইয়া জানান, হাজতি আক্কাস আলী স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। অসুস্থ হওয়ার সাথে সাথেই কারাগারে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হাজতি আক্কাস আলী স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com