সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০৯:৫৫:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০৯:৫৫:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় সুনামগঞ্জ প্রেসক্লাবের হলরুমে জেলা জাতীয় পার্টির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক চাঁন মিয়ার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন অভি’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি সাইফুর রহমান সমছু। প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নজীর হোসেন মাস্টার, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম, সাইদুল ইসলাম, আব্দুল মতিন, শওকত মিয়া, আব্দুর রহমান দয়াল, কাবের হোসেন, শ্রমিক নেতা ফারুক আহমেদ, আব্দুল ছালিক, মিলন তালুকদার, সামছুজ্জামান, সাব্বির আহমদ, আমির হোসেন, নুর মিয়া, আবুল কাশেম, তহুর মিয়া, নুরুল ইসলাম, মাসুদ রানা, ছাত্রনেতা মোজাম্মেল হক রানা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান সমছু বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের প্রায় নয় বছরের শাসনামলে উপজেলা ব্যবস্থা চালুর মাধ্যমে স্থানীয় সরকারকে শক্তিশালী করা হয়। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তার অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, এরশাদের মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। প্রধান বক্তা অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল বলেন, পল্লীবন্ধু এরশাদের শাসনামল বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি দেশের বিকেন্দ্রীকরণ ও প্রাদেশিক সরকার গঠনের পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে দেশের সব রাজনৈতিক দলের জন্য সমানভাবে গণতান্ত্রিক কর্মকা- পরিচালনার সুযোগ নিশ্চিত করার দাবি জানান। আলোচনা সভা শেষে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com