গ্যাসক্ষেত্র সংলগ্ন এলাকায় ত্রিমাত্রিক জরিপের পরিকল্পনা

টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত

আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ১১:০১:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ১১:০১:০৮ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: গ্যাস কূপ খনন করতে গিয়ে দুই দফা ব্লোআউট বা বিস্ফোরণের শিকার ছাতক গ্যাসক্ষেত্রের টেংরাটিলায় দুই দশক পর আবারও গ্যাস অনুসন্ধান করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রায়াত্ব তেল গ্যাস অনুসন্ধান কো¤পানি বাপেক্স এই অনুসন্ধান করবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। এদিকে, গতকাল বুধবার জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন দেশীয় গ্যাস উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়াতে অনুসন্ধান, কূপ খনন ও অফশোর কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারি দলের সদস্য সেলিনা সুলতানা (সংরক্ষিত মহিলা আসন-৩৫)-এর এক লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ স¤পদ মন্ত্রী বলেন, দেশে এ পর্যন্ত ৩০টি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হলেও বর্তমানে ২০টি গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন চলছে। এ সময় মন্ত্রী বলেন, নতুন সম্ভাব্য গ্যাসক্ষেত্র শনাক্তে ব্যাপক ভূকম্পীয় (সিসমিক) জরিপও পরিচালিত হচ্ছে। ব্লক-৭ ও ৯-এ প্রায় ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার দ্বিমাত্রিক (২ডি) সিসমিক তথ্য সংগ্রহ করা হয়েছে এবং বর্তমানে সেগুলোর তথ্য বিশ্লেষণের কাজ চলছে। তিনি আরও জানান, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাসক্ষেত্রসংলগ্ন প্রায় ১ হাজার ৪৫০ বর্গকিলোমিটার এলাকায় শিগগিরই ত্রিমাত্রিক (৩ডি) সিসমিক জরিপ শুরু হবে। এছাড়া ভোলার চরফ্যাশন, ছাতক-দোয়ারাবাজার, জামালপুর, তিতাস, হবিগঞ্জ ও নরসিংদী গ্যাসক্ষেত্রসংলগ্ন এলাকা এবং লামিগাঁও, লালাবাজার, গোয়াইনঘাট, দক্ষিণ কৈলাশটিলা ও পশ্চিম ফেঞ্চুগঞ্জ এলাকার সম্ভাব্য কাঠামোতেও একই ধরনের জরিপের পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, ২০১৬ থেকে ক্ষতিপূরণের দাবি নিয়ে নাইকোর সঙ্গে বাপেক্সের দীর্ঘদিনের আইনি জটিলতা নিষ্পত্তি হওয়ার পর টেংরাটিলায় নতুন করে গ্যাস অনুসন্ধানের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের তেল গ্যাস খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, টেংরাটিলায় প্রাথমিকভাবে দুটি কূপ খননের পরিকল্পনা হয়েছে এবং বাপেক্স ডিপিপি বা প্রকল্প প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে। ২০০৫ সালে দুর্ঘটনার পর নানা জটিলতায় গত ২১ বছরে ছাতক ও টেংরাটিলায় গ্যাসক্ষেত্রে কোনো অনুসন্ধান বা উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়নি। টেংরাটিলার কূপ খননের প্রকল্প প্রস্তাব সরকারের চূড়ান্ত অনুমোদন নিয়ে আগামী বছরই নতুন কূপ খনন শুরু করতে চায় বাপেক্স। টেংরাটিলা দুর্ঘটনার জন্য নাইকো রিসোর্সেসকে দায়ী করে ২০২৫ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক সালিসি আদালত ইকসিড ৪২ মিলিয়ন ডলার বা প্রায় ৫১৬ কোটি টাকা বাংলাদেশকে ক্ষতিপূরণ দেয়ার আদেশ দেয়। কানাডার তেল গ্যাস কো¤পানি নাইকো রিসোর্সেস টেংরাটিলায় গ্যাস কূপ খনন করতে গেলে ২০০৫ সালের জানুয়ারি এবং জুন মাসে দুই দফা বিস্ফোরণ ঘটে। ক্ষয়ক্ষতির হিসেবে টেংরাটিলার ব্লো আউটের কারণে আনুমানিক ৮ বিলিয়ন ঘনফুট গ্যাস পুড়ে নষ্ট হয়েছে। নীতিনির্ধারক এবং ভূতত্ত্ববিদরা মনে করেন, টেংরাটিলায় দশটি স্তরে গ্যাস প্রাপ্তির সম্ভাবনা ছিল। পুড়ে ক্ষতির পর এখনো কয়েকটি স্তরে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভূতত্ত্ববিদ ড. বদরুল ইমাম মনে করেন, এই ভূগঠনে গ্যাসের মজুত আছে এবং কূপ খনন করে সেখানে গ্যাস অনুসন্ধান করা দরকার। বিস্ফোরণ হওয়ার ফলে এটারতো (টেংরাটিলা) আর ডেভলপমেন্ট করা হয় নাই। কিন্তু এটার একটা ভাল মজুত আছে বলেই আমরা ধারণা করি। সুতরাং এখানে কূপ খননের পরিকল্পনাটা বাস্তবধর্মী এবং এটা করা উচিত। টেংরাটিলা বাংলাদেশ ভূখ-ে আবিষ্কৃত দ্বিতীয় গ্যাসক্ষেত্র ছাতক গ্যাসক্ষেত্রের অংশ। ছাতক গ্যাসক্ষেত্রে পূর্ব ও পশ্চিম দুটি জোনের মধ্যে টেংরাটিলার অবস্থান ছাতক পশ্চিম জোনে। ২০০৩ সালে বাপেক্সের সঙ্গে জয়েন্ট ভেনচার কো¤পানি গঠন করে টেংরাটিলা ক্ষেত্রটি নাইকোর কাছে ইজারা দেয়া হয়। যদিও ছাতক গ্যাসক্ষেত্রটি সিলেট গ্যাসফিল্ডস লিমিটেড (এসজিএফএল) এর আওতাধীন। সিলেট গ্যাস ফিল্ড ও টেংরাটিলায় গ্যাস কূপ খননে প্রস্তাব দিয়েছিল, তবে পেট্রোবাংলা বাপেক্সকে দিয়ে খনন কাজ করার সিদ্ধান্ত দিয়েছে। পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক বলেন, বাপেক্স কূপ খনন করে সিলেট গ্যাস ফিল্ডের সঙ্গে মুনাফা ভাগাভাগি করবে। আমরা একটা কমিটি করেছি এই দুই কো¤পানির মধ্যে প্রফিট শেয়ারিং কীভাবে হবে তারা প্রপোজ করবে। ওই কমিটি যেভাবে প্রস্তাব দেবে, সেটা আমরা মন্ত্রণালয়কে প্রপোজ করবো। টেংরাটিলায় প্রথম পূর্বাংশে গ্যাস কূপ খনন করতে চায় বাপেক্স। এরপর পশ্চিম জোন। যেহেতু দুর্ঘটনায় গ্যাসক্ষেত্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই দুর্ঘটনাস্থল থেকে দূরে ভিন্ন স্থানে ত্রিমাত্রিক জরিপের মাধ্যমে স্থান নির্ধারণ করে কূপ খনন করতে চায় বাপেক্স। টেংরাটিলায় গ্যাসের মজুত : টেংরাটিলা ছাতক গ্যাসক্ষেত্রের একটি অংশ। ছাতক গ্যাসক্ষেত্রটি সিলেট গ্যাস ফিল্ডের মালিকানাধীন। সিলেট গ্যাস ফিল্ডের কর্মকর্তারা জানান, ছাতকের পূর্ব ও পশ্চিম দুটি জোন রয়েছে, যার মধ্যে টেংরাটিলা পশ্চিম জোনে অবস্থিত। ছাতক পশ্চিম জোন থেকে একটি কূপে অতীতে গ্যাস উত্তোলন হয়েছে। ওই কূপ থেকে মোট ২৭ বিসিএফ গ্যাস উত্তোলন করা হয়েছে। ওই গ্যাস ছাতক সিমেন্ট কারখানায় সরবরাহ করা হয়। ১৯৮৪ সালে ছাতক গ্যাসফিল্ড বন্ধ হয়ে যায়। ছাতক গ্যাসক্ষেত্রের পূর্ব জোনটি একেবারেই কোনো অনুসন্ধান হয়নি। তবে পশ্চিম জোনে যেহেতু গ্যাস উত্তোলন হয়েছে তাই এটি আবিষ্কৃত গ্যাসক্ষেত্র। পশ্চিম জোনে টেংরাটিলায় দশটি স্তরে গ্যাসে সম্ভাবনা ও মজুত থাকার বিষয়টি জরিপে উঠে এসেছে। এখানে অন্তত চারশ বিসিএফ গ্যাসের মজুত থাকার সম্ভাবনার কথা জানা যায়। এসজিএফএল এর মহাব্যবস্থাপক জীবন শান্তি সরকার গণমাধ্যমকে বলেন, তাদের হিসেবে পূর্ব-পশ্চিম মিলিয়ে ছাতক গ্যাসক্ষেত্রে দুই থেকে তিন টিসিএফ গ্যাস রিসোর্স আছে বলে ধারণা রয়েছে। টেংরাটিলায় মজুত নিয়ে ভূতত্ত্ববিদ ড. বদরুল ইমাম বলেন, উত্তোলনযোগ্য মজুত হতে হলে কূপ খননের পর আবিষ্কারের মাধ্যমেই নিশ্চিত হতে হবে। রিসোর্স বলতে বুঝাই যে পুরো অবস্থানটা গ্যাসটা আছে। কিন্তু আমরা রিজার্ভ বলি যেইটাকে উঠায় নিয়ে আসতে পারবো সেইটাকে। তো রিজার্ভ যদি বলা হয়, সেটা দুই টিসিএফ রিসোর্স হতে পারে তবে উত্তোলনযোগ্য সিক্সটি পার্সেন্ট হতে পারে খুব ভালো হলে সেভেনটি পার্সেন্ট হতে পারে। আমি মনে করিনা এখানে দুই টিসিএফ গ্যাস আছে। এখানে (পূর্ব- পশ্চিম মিলিয়ে) নেয়ার এবাউট টিসিএফ থাকতে পারে বলে আমার ধারণা। এদিকে যেহেতু টেংরাটিলায় বিস্ফোরণের পর প্রচুর স¤পদ পুড়ে নষ্ট হয়ছে, তাই সেখানে আসলে কতটা মজুত আছে- সেটি একটি প্রশ্ন। ভূ-ক¤পন জরিপ এবং কূপ খননের মাধ্যমেই টেংরাটিলার মজুত পরিস্থিতি সম্পর্কে চূড়ান্ত ধারণা পাওয়া সম্ভব হবে। বাংলাদেশে গ্যাস অনুসন্ধান : বাংলাদেশে পেট্রোবাংলার সবশেষ হিসাব অনুযায়ী, ৩০টিসিএফ গ্যাসের প্রমাণিত মজুত পাওয়া গেছে যার মধ্যে প্রায় ২৩ টিসিএফ উত্তোলন হয়েছে এবং এখন সাত টিসিএফ এর মতো অবশিষ্ট আছে। পেট্রোবাংলার প্রতিবেদনে গ্যাসের উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যায়, বিদেশি কো¤পানি ও আমদানি নির্ভরতাই এখন মোট সরবরাহের চার ভাগের তিনভাগ। এই মুহূর্তে গ্যাসের যে প্রমাণিত মজুত আছে, বিদ্যমান হারে উত্তোলন করলে সেটুকু শেষ হয়ে যাবে দশ বছরের মধ্যে। তবে নতুন আবিষ্কারের মাধ্যম প্রতিনিয়ত প্রমাণিত মজুত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ভূতত্ত্ববিদরা মনে করেন, গভীর কূপ খনন ও অনুসন্ধান বাড়িয়ে বাংলাদেশে আবিষ্কৃত খনিতেও গ্যাস উৎপাদন ও মজুত বাড়ানোর সম্ভাবনা আছে। বাংলাদেশে অধিকাংশ গ্যাসক্ষেত্র সুরমা ভূগঠনে অবস্থিত। এই গভীরতা আড়াই হাজার মিটারের মধ্যে। তবে সুরমা ভূগঠনের নিচে বরাইল স্ট্রাকচার রয়েছে, সেটিতে গ্যাস উৎপন্ন ও জমে থাকার সম্ভাবনা দেখেন ভূতত্ত্ববিদরা। ড. বদরুল ইমাম বলেন, বরাইল আছে তার উপরে সুরমা, তার উপরে তিপাম- এই ধরনের নামকরণ করে শিলাস্তরগুলোকে ভাগ করা হয়। আমাদের দেশে যে সমস্ত গ্যাসক্ষেত্র পাওয়া গেছে, এগুলো বেশিরভাগ সুরমা বেসিনে। তিনটা যে গ্রুপের কথা বললাম এরমধ্যে তিপাম হচ্ছে উপরের লেয়ার। এই স্তরে কোনো গ্যাসক্ষেত্র পাওয়া যায় নাই। সুরমার মধ্যেই সব গ্যাসক্ষেত্র আছে। কিন্তু তার নিচে যে বরাইল স্তরগুলো, তারমধ্যে গ্যাস সম্ভাবনা অনেক বেশি। তার কারণ গ্যাসগুলো উৎপন্ন হয়েছে এই বরাইল স্তরের ভেতরে। বদরুল ইমাম বলেন, বাংলাদেশ একটা বদ্বীপ এলাকা। এটার সঙ্গে যদি আমরা তুলনা করি নাইজেরিয়া, আমেরিকার ইউএস গালফ কোস্ট তুলনা করা যায়। প্রাকৃতিকভাবে এগুলো গ্যাস রিচ। বাংলাদেশের ভূপ্রকৃতি ঠিক একই রকম। বদরুল ইমামের মতে বরাইল গ্রুপ বা ফরমেশনে ড্রিলিং করলে গ্যাস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বাংলাদেশ বেসিক্যালি লেস এক্সপ্লোরড। কম অনুসন্ধান হয়েছে- এমন একটা জায়গা। আমরা যে পরিমাণ গ্যাস উত্তোলন করছি বা আবিষ্কার করেছি সেটা একটা অংশ মাত্র। এখানে যদি যথেষ্ট পরিমাণ অনুসন্ধান করা যায় নতুন নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার হবে। -বিবিসি বাংলা

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com