মধ্যনগরে গরু চুরির মামলায় ৫ আসামির জামিন নামঞ্জুর

আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ১০:২৮:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ১০:২৯:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের মধ্যনগরে গরু চুরির মামলায় পাঁচ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (৫ জুলাই) ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তাদের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মো. আরফান আলী। এর আগে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামের কৃষক মো. সোহেল মিয়া বাদী হয়ে মধ্যনগর থানায় ছয়জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন—আলম নূর, আহাদ নূর, হারুন মিয়া, হানিফ মিয়া, রাসেল মিয়া ও খোকন মিয়া। তারা সবাই দাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ জুন রাতে বাদীর গোয়ালঘরের তালা ভেঙে একটি লাল রঙের যাঁড় ও দুটি বকনাসহ মোট তিনটি গরু চুরি করা হয়। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ২৮ হাজার টাকা। বাদী মো. সোহেল মিয়া বলেন, ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান না হওয়ায় তিনি থানায় মামলা করেন। আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করায় তিনি সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি আশা করেন, পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে চুরি হওয়া গরু উদ্ধার করবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনবে। মামলার তদন্ত কর্মকর্তা মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ সরকার বলেন, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, বাদীপক্ষের আইনজীবী জানান, আদালতের আদেশের পর মামলার পরবর্তী আইনগত কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com