বালু লুটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই

আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০৮:১৫:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০৮:১৮:৩৮ অপরাহ্ন
ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের মরা চেলা নদীর তীরবর্তী একটি পুকুর ও কৃষিজমি থেকে সংঘবদ্ধভাবে কোটি টাকার বালু উত্তোলনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। অভিযোগ অনুযায়ী, মাত্র তিন রাতেই প্রায় ২ লাখ ৭০ হাজার ঘনফুট বালু তুলে নেওয়া হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা। আরও উদ্বেগের বিষয় হলো, এই কর্মকা-ে বাধা দিতে গেলে জমির মালিক ও স্থানীয়দের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বালু একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক স¤পদ। এর উত্তোলন অবশ্যই নির্ধারিত আইন, পরিবেশগত মূল্যায়ন এবং সরকারি অনুমতির ভিত্তিতে হতে হবে। কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলের মতো সুনামগঞ্জেও দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন একটি ভয়াবহ সমস্যায় পরিণত হয়েছে। এর ফলে শুধু সরকারি রাজস্বই হারাচ্ছে না, কৃষিজমি, জলাশয়, পরিবেশ ও জীববৈচিত্র্যও মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গভীর গর্ত খননের মাধ্যমে পুকুর ও কৃষিজমি থেকে বালু তুলে নেওয়ায় ভবিষ্যতে কৃষিকাজ ও মাছ চাষ হুমকির মুখে পড়বে। এটি কেবল একজন জমির মালিকের ক্ষতি নয়; বরং স্থানীয় কৃষি অর্থনীতি ও পরিবেশের জন্যও বড় ধরনের ঝুঁকি। এ ধরনের কর্মকা- চলতে থাকলে ভূমির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হবে, দুর্ঘটনার আশঙ্কা বাড়বে এবং দীর্ঘমেয়াদে জনস্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ ঘটনায় ভুক্তভোগী থানাসহ উপজেলা প্রশাসন, সহকারী কমিশনার (ভূমি) এবং নৌ-পুলিশের কাছে অভিযোগ করেছেন। পুলিশ অভিযোগ গ্রহণ করে তদন্তের আশ্বাস দিয়েছে। তবে শুধু আশ্বাস নয়, নিরপেক্ষ, দ্রুত ও কার্যকর তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা জরুরি। অভিযোগে যাদের নাম এসেছে, তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাই করতে হবে এবং একই সঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটনে কোনো প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাব যেন তদন্তে না পড়ে, তা নিশ্চিত করতে হবে। অবৈধ বালু উত্তোলনের পেছনে প্রায়ই সংঘবদ্ধ চক্র সক্রিয় থাকে। এদের বিরুদ্ধে বিচ্ছিন্ন অভিযান নয়, ধারাবাহিক নজরদারি ও কঠোর আইন প্রয়োগ প্রয়োজন। পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ ছাড়া এই অপরাধ বন্ধ করা সম্ভব নয়। প্রাকৃতিক স¤পদ রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব, আর নাগরিকের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের সাংবিধানিক কর্তব্য। তাই ছাতকের এই ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষতিগ্রস্ত ব্যক্তির ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং ভবিষ্যতে যাতে এ ধরনের অবৈধ বালু উত্তোলন আর না ঘটে, সে জন্য কার্যকর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। আইনের শাসন প্রতিষ্ঠা এবং পরিবেশ রক্ষার স্বার্থেই অবৈধ বালু লুটের বিরুদ্ধে রাষ্ট্রকে আরও কঠোর অবস্থান নিতে হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com