স্টাফ রিপোর্টার ::
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রতি বুধবারের ন্যায় সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবাপ্রার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও প্রশাসনিক বিভিন্ন সমস্যা, অভিযোগ ও সহায়তার আবেদন জেলা প্রশাসনের কাছে উপস্থাপন করেন।
গণশুনানিতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। তিনি আবেদনকারীদের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া উত্থাপিত বেশ কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়। জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং জনসেবার মানোন্নয়নে গণশুনানির কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
গণশুনানিতে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।