প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের শিক্ষাবৃত্তি পেল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা

আপলোড সময় : ০২-০৭-২০২৬ ১০:৪৬:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৭-২০২৬ ১০:৪৬:১২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী পাঁচটি গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ তহবিল থেকে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে ২০ জন শিক্ষার্থীর মধ্যে মোট ৮৮ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। পাশাপাশি দুইজন শিক্ষার্থীকে বাইসাইকেল এবং তিনজনকে সেলাই মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানে কড়ইগড়া, বড়গোপ, লালঘাট, বুরুঙ্গাছড়া ও রাজাই গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে এসব সহায়তা তুলে দেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, একেএম নাসের উজ্জ্বল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুল ইসলাম, আদিবাসী নেতা এন্ড্রু সলোমর, বিএনপি নেতা শামছুল হক মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন, এ ধরনের শিক্ষাবৃত্তি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি তাদের কল্যাণে সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় এই সহায়তা প্রদান করা হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com