স্টাফ রিপোর্টার :
শিক্ষা মন্ত্রণালয়ের লেইস প্রকল্পের আওতায় সুনামগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের এইচ এম পি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হওয়া শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রেমানন্দ বিশ্বাস। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগাতে হবে। প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তাহলে দেশ আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে।
তিনি আরও বলেন, সরকারের উদ্যোগ অনুযায়ী শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করা হচ্ছে, যা পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুল হুদা, সহকারী শিক্ষক জিয়াউর রহমান, তোফাজ্জল হক, আল আমিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।