দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলায় এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ ও মামলা সূত্রে জানাযায়, গত ২৭ জুন বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের একটি গ্রামে ভুক্তভোগীর বসতঘরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তি ইউনিয়নের এরুয়াখাই (তিলোরাকান্দি) গ্রামের বাসিন্দা।
অভিযোগে বলা হয়, ভুক্তভোগীর প্রতিবেশী এক স্বজন কবিরাজি চিকিৎসা করেন। গত ১৭ জুন অভিযুক্ত ব্যক্তি রোগী নিয়ে তার কাছে আসেন। চিকিৎসার প্রয়োজনে তাকে কলাপাতা আনতে বলা হলে, কলাপাতা সংগ্রহের সময় তিনি দেখতে পান ভুক্তভোগী ঘরে একা অবস্থান করছেন। এ সময় ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দোয়ারাবাজার থানায় অভিযোগ দায়ের করেন। বর্তমানে ভিকটিম সুনামগঞ্জ সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।
সংবাদ পাওয়ার পর দোয়ারাবাজার থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) আব্দুল সালাম অভিযুক্তকে গ্রেপ্তার করেন। থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।