স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার সমসার হাওরে বজ্রপাতে নজির হোসেন আখঞ্জি (৩০) নামে এক কয়লা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) ভোরে হাওরে কয়লা পরিবহনের সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত নজির হোসেন আখঞ্জি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তরং গ্রামের মৃত আব্দুস সালাম আখঞ্জির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে তিনি কয়লা শ্রমিকের কাজে ডিপোতে যান। পরে নৌকাযোগে কয়লা নিয়ে ফেরার পথে সমসার হাওরে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে নৌকায় থাকা তিনজন আহত হন। গুরুতর আহত অবস্থায় নজির হোসেন আখঞ্জিসহ অন্যদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নজির হোসেনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা
দেওয়া হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।