স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলায় ৭ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও নগদ ২ লাখ ১০ হাজার ৫০ টাকাসহ তিন নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় মাদক নির্মূল কমিটি। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের উত্তর মুকশেদপুর মনাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন- উত্তর মুকশেদপুর গ্রামের রইস উদ্দিনের স্ত্রী জলেহা বেগম, জমত আলীর স্ত্রী সখিনা বেগম এবং পুরান লাউড় গ্রামের ওয়াহাব মিয়ার স্ত্রী সামছুন্নাহার।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আস-সুন্নাহ ইসলামী যুব সমাজকল্যাণ পরিষদ (পুরান লাউড় মাদক নির্মূল কমিটি)-এর সদস্যরা এলাকাবাসীর সহযোগিতায় অভিযান চালিয়ে ওই তিন নারীকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৭ কেজি ৩০০ গ্রাম গাঁজা এবং নগদ ২ লাখ ১০ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হলে তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক তিন নারীকে থানায় নিয়ে যায়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় এসআই মোহাম্মদ আলী বাদী হয়ে আটক তিন নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।