বন্যা পরিস্থিতির আশঙ্কা

খোলা হয়েছে কন্ট্রোলরুম, আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম প্রস্তুত

আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০২:১১:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০২:১১:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: আবহাওয়ার পূর্বাভাস ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে আগামী কয়েকদিনের মধ্যে সুনামগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে জেলা প্রশাসন। ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধি পাওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা ও উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখের সভার সিদ্ধান্ত অনুযায়ী দুর্যোগ মোকাবিলার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ের অধীনে বর্তমানে ১ থেকে দেড় মাসের ত্রাণসামগ্রী মজুত রয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রয়োজন বিবেচনায় আরও ত্রাণ বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। এছাড়া প্রতিটি উপজেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, স্বেচ্ছাসেবক দল ও মেডিকেল টিম গঠন, বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সংরক্ষণ এবং প্রয়োজনীয় নৌযান প্রস্তুত রাখাসহ বিভিন্ন দপ্তরকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। কোনো এলাকা দুর্যোগে আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে। নদ-নদীর পানির স্তরের সর্বশেষ তথ্য নিয়মিত প্রকাশের জন্য পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্যোগ সংক্রান্ত সার্বিক যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। কন্ট্রোলরুমের মোবাইল নম্বর ০১৬৮১-৩১৭১৯১। জরুরি প্রয়োজনে সাধারণ জনগণকে এ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com