বিশ্বম্ভরপুরে মব সৃষ্টি করে বসতঘরে আগুন দেয়ার ঘটনায় মামলা নেয়ার নির্দেশ আদালতের

আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ১০:৫০:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ১০:৫৬:৫৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
বিশ্বম্ভরপুর উপজেলার পাখিজান গ্রামে মাদক কারবারের অভিযোগ এনে উচ্ছৃঙ্খল জনতা অভিযুক্তের ঘরবাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছে। মারধর করেছে তাকে। এসব ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারও করেছে তারা। বিষয়টি আদালতের দৃষ্টিগোচর হওয়ায় মব সৃষ্টিকারী জনতার ভিডিও চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা নেওয়ার নির্দেশন দিয়েছেন সুনামগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ এমদাদ। আদালতের নির্দেশনা পেয়ে দ্রুত মামলা গ্রহণের প্রস্তুতি নিয়েছে বিশ্বম্ভরপুর থানা পুলিশ। ২২ জুন সোমবার বিকেলে সুনামগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ এমদাদ এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। উল্লেখ্য, গত ২১ জুন রবিবার আবু সাইদ নামের এক যুবকের ঘরে আগুন ধরিয়ে দেয় উচ্ছৃঙ্খল জনতা। এ ব্যাপারে আদালত ৩০৮৮ নং স্মারকের মাধ্যমে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। নির্দেশনায় উল্লেখ করা হয়, গত ২১ জুন বিভিন্ন অনলাইনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, মাদকের অভিযোগের নামে বিশ্বম্ভরপুর থানাধীন পাখিজান গ্রামের আবু সাইদের বাড়িকে ‘মাদক বিক্রেতার বাড়ি’ প্রচার করে আগুন দিয়ে ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়া হয় এবং অভিযুক্ত ব্যক্তিকে গুরুতরভাবে মারপিট করে আহত করা হয়। স্থানীয় জনতা বিচারের নামে আইন নিজের হাতে তুলে নিয়েছেন, যা আইনের পরিপন্থি এবং সুস্পষ্ট সংবিধান লঙ্ঘন। বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী প্রত্যেক নাগরিকের বিচার পাওয়ার অধিকার রয়েছে। কোন ব্যক্তি অপরাধে করলে বা অপরাধের সাথে জড়িত থাকলে তাকে বিচারের আওতায় আনা পুলিশ প্রশাসনের দায়িত্ব। কিন্তু এই রকম মব সৃষ্টি করে নিজের হাতে আইন তুলে নেয়া গুরুতর অপরাধ ও আইনের পরিপন্থি এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। এই রকম জনবিশৃঙ্খলা সরকার ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণœ করেছে চরমভাবে। মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তীতে প্রশাসনিক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে যা জনমনে বিরূপ ধারণার জন্ম দিতে পারে। এমতাবস্থায়, ভিডিওতে উল্লেখিত মব সৃষ্টিকারী ব্যক্তিদের শনাক্ত করে পুলিশ এজাহারকারী হয়ে প্রচলিত আইনের আওতায় মামলা রুজু করে তাদের বিরুদ্ধের এজাহার গণ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন আদালত। বিশ্বম্ভরপুর থানার ওসি মো. শাহিন মিয়া বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও এভাবে আইন হাতে তোলে নেওয়ার অধিকার কারো নেই। আদালতের নির্দেশনা পেয়েছি। আমরা ইতোমধ্যেই মামলা নিয়েছি। দায়িদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের কাজ শুরু হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com