দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে নিউ মিলন ক্লাব আমবাড়ি বাজারের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন) বিকেলে আমবাড়ি উচ্চবিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক স¤পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী অঙ্গীকার পূরণে ইতিমধ্যে দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন। দেশ ও জনগণের উন্নয়নে বিএনপি বদ্ধপরিকর বলে উল্লেখ করেন তিনি।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে সংসদ সদস্য বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখে। খেলাধুলার উন্নয়নে তিনি সবসময় যুবসমাজের পাশে আছেন বলে জানান। এ সময় তিনি আমবাড়ি উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ ও বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
নিউ মিলন ক্লাবের সভাপতি জমির উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ স¤পাদক রাকিব আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার, জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল হক নমু, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার, জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল বারী, আমবাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান আহমদ, ক্লাবের সহসভাপতি আফিকুল ইসলাম, আব্দুল কাইয়ুম এবং ক্লাবের সাধারণ স¤পাদক নূরউদ্দিন।
এ সময় প্রবীণ সাংবাদিক এম এ করিম লিলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাব উদ্দিন শিহাবসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উদ্বোধনী ম্যাচে দুই দলের খেলা উপভোগ করেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।