স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্র’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে পৌর শহরের নতুনপাড়া এলাকায় আয়োজিত নজরুল সংগীত কর্মশালার মধ্য দিয়ে সংগঠনটির শুভ উদ্বোধন করা হয়।
নতুন প্রজন্মের মাঝে শুদ্ধ সংস্কৃতি, সংগীতচর্চা ও বাঙালির ঐতিহ্য বিকাশের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালক প্রিয়া পাল।
কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বুলবুল সংগীত নিকেতনের পরিচালক প্রীতি ভূষণ চক্রবর্তী। তিনি প্রশিক্ষণার্থীদের নজরুল সংগীতের নান্দনিকতা, শুদ্ধ বাণী, সুর ও পরিবেশনার বিভিন্ন দিক স¤পর্কে প্রশিক্ষণ প্রদান করেন। তবলায় সহযোগিতা করেন সপ্তসুর সংস্কৃতি চর্চা কেন্দ্রের তবলা প্রশিক্ষক অমিত বর্মণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সপ্তসুর সংস্কৃতি চর্চা কেন্দ্রের পরিচালক মাকসুদুর রহমান দিপু।
সভাপতির বক্তব্যে প্রিয়া পাল বলেন, আমাদের মূল লক্ষ্য নতুন প্রজন্মের কোমলমতি শিশুদের মধ্যে সুস্থ ও শুদ্ধ সংস্কৃতির বিকাশ ঘটানো। নজরুল সংগীত আমাদের চেতনা ও মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করে। প্রযুক্তিনির্ভর এই সময়ে শিশুরা যেন আমাদের গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন না হয়, সে লক্ষ্যে প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্র নিরলসভাবে কাজ করে যাবে।
তিনি আরও বলেন, প্রথম দিনেই প্রশিক্ষণার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় নতুন উৎসাহ জুগিয়েছে।
উদ্বোধনী কর্মশালায় স্থানীয় বিপুলসংখ্যক শিশু-কিশোর প্রশিক্ষণার্থী ও তাদের অভিভাবক অংশগ্রহণ করেন।