স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে চোরাই পথে আনা প্রায় ২০ লক্ষাধিক টাকার ভারতীয় জিরা ও ভুট্টাসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। একই দিনে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় পণ্যবোঝাই একটি পিকআপসহ দুইজনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়ার নেতৃত্বে এসআই (নিঃ) মনিরুল হক মুন্সী, এসআই ইয়াছিন মিয়া, এএসআই (নিঃ) আব্দুর রব ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় ১ হাজার ১৯০ কেজি ভারতীয় জিরা, ৭ হাজার ৯৫০ কেজি ভুট্টা এবং একটি পিকআপ জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন শান্তিগঞ্জ উপজেলার নারাইনপুর গ্রামের নান্টু রঞ্জন দাশের ছেলে পিনাক রঞ্জন দাশ (২৬) এবং সুনামগঞ্জ সদর উপজেলার নোয়াগাঁও গ্রামের আফিজ উদ্দিনের ছেলে মো. তালেবুল ইসলাম (৩০)। এ ঘটনায় বিশ্বম্ভরপুর থানায় মামলা নং-১৮/১৪০, তারিখ ১৯ জুন ২০২৬, রুজু করা হয়েছে।
এদিকে, পৃথক অভিযানে নন-জিআর নং-৬/২৬ (বি/পুর) মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন উপজেলার চান্দেরগাঁও (বর্তমান ঠিকানা গন্ডামারা) এলাকার আব্দুর রহিমের ছেলে আক্তার হোসেন (২৪), আনোয়ার হোসেন (৩৫) এবং মৃত মনর উদ্দিনের ছেলে আব্দুর রহিম (৬৫)।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।