স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের মাঝাইর সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে এবং সচেতন গ্রামবাসীর সহযোগিতায় মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে মাঝাইর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুনামগঞ্জ-তাহিরপুর মহাসড়ক হয়ে গ্রামের শেষ প্রান্তে গিয়ে শেষ হয়।
মাঝাইর সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি নিজাম উদ্দিন লিটনের সভাপতিত্বে আয়োজিত র্যালিতে সংগঠনের সদস্য, স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সহ-সাধারণ স¤পাদক আতিকুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম লিমন। এছাড়া বক্তব্য দেন মাঝাইর গ্রামের মসজিদ কমিটির সভাপতি কাঁচা মিয়া, সহ-সভাপতি আব্দুল মতিন, গ্রামের সালিশ ব্যক্তিত্ব রইছ মিয়া ও আব্দুল বারী এবং কর্মরত পুলিশ সদস্য কৌশিকুর রহমান। সভায় সমাপনী বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা শাহাব উদ্দিন মাস্টার।
বক্তারা বলেন, মাদক সমাজ ও যুবসমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। গ্রামের ঐতিহ্য, সামাজিক মূল্যবোধ ও সুনাম রক্ষায় তরুণদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে। তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।