সুনামকণ্ঠ ডেস্ক ::
শাল্লা থানার আলোচিত ছাদির হোসেন হত্যা মামলার প্রধান আসামি সুমন মিয়াকে (২৫) চট্টগ্রাম নগরী থেকে গ্রেফতার করেছে র্যাব। গত বুধবার (১৭ জুন) রাতে নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুরের দরবার মার্কেটসংলগ্ন রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ চট্টগ্রাম ও র্যাব-৯ সিলেটের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। সুমন মিয়া শাল্লা উপজেলার ফয়জুল্লাপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।
র্যাব জানায়, নিহত ছাদির হোসেন (৩৮) ঢাকায় হকারি করতেন। ঈদুল আজহায় কোরবানি দেওয়ার উদ্দেশ্যে তিনি বাড়ি যান। স্থানীয় বিভিন্ন সামাজিক ও গ্রাম্য বিষয় নিয়ে তার পরিবারের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিনের বিরোধ ছিল।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৯ মে রাত সাড়ে ১১টার দিকে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে ছাদির হোসেনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ মে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১ জুন শাল্লা থানায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে হত্যা মামলা করেন।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মামলার প্রধান আসামি সুমন মিয়া চট্টগ্রাম নগরীতে আত্মগোপনে রয়েছেন। পরে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য চান্দগাঁও থানার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।