স্টাফ রিপোর্টার ::
ধর্মপাশা উপজেলায় তাপপ্রবাহ (হিট ওয়েভ) মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল ৫টায় উপজেলার বীর দক্ষিণ এলাকার নূরে রাব্বী নেয়ামুল কুরআন মাদরাসা মাঠে রেপিড রেসপন্স বিডি ও উপমার যৌথ উদ্যোগে “হিট ওয়েভে করণীয়” শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এলনিনো’র প্রভাব, জলবায়ু পরিবর্তন, পরিবেশ বিপর্যয় এবং তাপপ্রবাহের সময় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংশগ্রহণকারীদের মধ্যে তথ্যসমৃদ্ধ লিফলেটও বিতরণ করা হয়।
কৌছির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা। বিশেষ অতিথি ছিলেন বীর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বজলুর রশীদ চৌধুরী, নূরে রাব্বী নেয়ামুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা সৈয়দ আতিকুল হক এবং নায়েবে মুহতামিম মহসিন উদ্দিন।
এছাড়া রেপিড রেসপন্স বিডির ভলান্টিয়ার সদস্য, ইরা-টুগেদার পিয়ার হিউম্যানিটারিয়ান পার্টনার, বিএনএফ পার্টনার অর্গানাইজেশন উপমার নির্বাহী পরিচালক এম এইচ তালহা চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে “হিট ওয়েভে করণীয়” বিষয়ক লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।