সুনামকণ্ঠ ডেস্ক ::
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে এসে দেশের সব জেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বুধবার (১৭ জুন) দুপুরে হঠাৎ হাসপাতাল পিরদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর ও সেবার মান পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলা হাসপাতাল এবং পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে, যাতে স্বল্প খরচে রোগীরা নিজ এলাকায় সেবা নিতে পারেন। এছাড়া হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন, মর্গে ফ্রিজার স্থাপন এবং সেবার মান আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।
চিকিৎসক সংকট প্রসঙ্গে তিনি বলেন, গত ১৭ বছরে প্রয়োজনীয় নিয়োগ ও প্রশিক্ষণের ঘাটতি ছিল। এ সংকট কাটাতে বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ এবং প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হবে। রাজবাড়ী সদর হাসপাতালে সম্প্রতি ১৪ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও ছয়জন এখনো যোগদান করেননি। সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিটের পাশাপাশি ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপনের কাজও চলমান রয়েছে। যার টেন্ডার প্রক্রিয়া স¤পন্ন হয়েছে।