স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার (১৬ ও ১৭ জুন) দুপুর ১২টায় উপজেলা গণমিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান।
বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মো. মাহফুজুর রহমান বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও সহায়তা
কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি এ ধরনের সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাই ও আব্দুছ ছাত্তার, জেলা যুবদলের সাধারণ স¤পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা হারুনুর রশিদ, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছবাব মিয়া, বিএনপি নেতা নজরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার পাঁচটি ইউনিয়নের ২৫০ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা বিতরণ করা হয়। উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন অতিথিরা।