ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কংস নদে অভিযান চালিয়ে অবৈধভাবে বেড় জাল দিয়ে মাছ শিকার করায় দুইজন জেলের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও ৩৭৫ ফুট বেড় জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। দ-পাওয়া এই দুইজন জেলে হলেন নেত্রকোণার বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া (৪৮) ও হরেন্দ্র চন্দ্র বর্মণ (৬৫)। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় এই আদালত পরিচালনা করেন। জব্দ করা বেড় জালগুলো তাৎক্ষণিকভাবে প্রকাশ্যে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান চলাকালে অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা হুমায়ূন কবীর, ধর্মপাশা থানার এএসআই আবুল খায়ের প্রমুখ। উল্লেখ্য, হাওরাঞ্চলে উন্মুক্ত জলাশয়ে আগামী ২৮ জুন পর্যন্ত সকল প্রকার মাছ শিকার সরকারিভাবে নিষিদ্ধ রয়েছে।