ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা সদরের ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের পেছনের সড়কে বুধবার ভোর রাতে দুর্বৃত্তের হামলায় আতিকুর রহমান (৩০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের রাজনগর গ্রাম জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত রয়েছেন। তার বাড়ি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নূরপুর গ্রামে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত ইমাম আতিকুর রহমান জানান, উপজেলার নোয়াবন্দ দক্ষিণপাড়া গ্রাম থেকে ফজরের নামাজ পড়ানোর উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বুধবার ভোর রাতে তিনি ওই মসজিদের উদ্দেশ্যে রওয়ানা হন। ভোর রাত চারটা বেজে ২০মিনিটের সময় তিনি ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের পেছনের সড়কে আসলে সড়কের ওপর একটি বড় বাঁশ পড়ে থাকতে দেখতে পান। বাঁশটি সরানো চেষ্টাকালে দুর্বৃত্ত পেছন থেকে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি সড়কে পড়ে যান। মাথায় পরিহিত হ্যালমেটের একটি অংশ ভেঙে ঠোঁটের একপাশ কেটে যায় ও পায়ে আঘাত পান। চিৎকার দিলে আশপাশের লোকজন আসতে দেখে হামলাকারী বয়স অনুমান (২৫)কে দৌড়ে পালিয়ে যেতে দেখতে পান। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন বলেন, অভিযোগটি পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।