স্টাফ রিপোর্টার ::
সিলেট বিভাগে গত মে মাসে সড়ক দুর্ঘটনায় ৫১ জনের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সড়ক নিরাপত্তা সংশ্লিষ্টরা। বিভাগের চার জেলার মধ্যে দুর্ঘটনার সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা সুনামগঞ্জে এ সময়ে ১৩টি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।
শনিবার (৬ জুন) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে সিলেট বিভাগে মোট ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছেন।
নিসচার তথ্য অনুযায়ী, সিলেট জেলায় সবচেয়ে বেশি ১৭টি দুর্ঘটনায় ২১ জন নিহত হলেও সুনামগঞ্জে ১৩টি দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি ঘটেছে, যা বিভাগের মোট মৃত্যুর প্রায় এক-তৃতীয়াংশ। অন্যদিকে হবিগঞ্জে ৭টি দুর্ঘটনায় ৯ জন এবং মৌলভীবাজারে ৫টি দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চালকদের বেপরোয়া ও প্রতিযোগিতামূলক গাড়ি চালানো, নিয়ম না মেনে ওভারটেকিং, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের অসচেতনতা এবং সড়কের বিভিন্ন নির্মাণ ত্রুটিকে চিহ্নিত করা হয়েছে।
এছাড়া মে মাসে ঈদযাত্রাকে কেন্দ্র করে বিভাগে ৯টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ১১ জন সিএনজি ও টমটমের চালক-আরোহী এবং ৯ জন পথচারী রয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন উল্টে যাওয়া, মুখোমুখি সংঘর্ষ এবং গাছ বা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগার ঘটনাগুলোও প্রাণহানির অন্যতম কারণ। নিহত ৫১ জনের মধ্যে ৩৯ জন পুরুষ, ৬ জন নারী এবং ৬ জন শিশু।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক স¤পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলা আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু জানান, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি জরুরি।
উল্লেখ্য, এর আগের মাস এপ্রিল মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছিলেন। মে মাসে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।