স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে পরিবেশ, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৫ জুন) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম শান্তনু।
অভিযানকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৫ লঙ্ঘন করে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষিত টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ এবং পরিবেশ দূষণের দায়ে একটি হাউসবোটকে অর্থদন্ড- প্রদান করা হয়।
এছাড়া পৃথক অভিযানে মৎস্য আইন বাস্তবায়নের অংশ হিসেবে চিংড়ি নিধনে ব্যবহৃত নিষিদ্ধ ‘কিরণমালা চাঁই’ জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।
অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জের কর্মকর্তারা টাঙ্গুয়ার হাওরে আগত পর্যটক ও হাউসবোট সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং হাওরের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়।