দিরাই প্রতিনিধি ::
প্রেমের সম্পর্কের জের ধরে তরুণ-তরুণীর পালিয়ে বিয়ে করাকে কেন্দ্র করে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের হলিমপুর ও পার্শ্ববর্তী মাটিয়াপুর গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) দুপুরে মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের মধ্যবর্তী মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, হলিমপুর গ্রামের এক তরুণীকে নিয়ে মাটিয়াপুর গ্রামের এক তরুণ পালিয়ে বিয়ে করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে বুধবার দুপুরে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্রের সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দুই গ্রামের অন্তত ২০ জন আহত হন। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুই গ্রামের প্রভাবশালী পরিবারের ছেলে ও মেয়ের প্রেমের স¤পর্ক এবং পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিবেশ শান্ত।